- বিশ্বকাপ ফুটবল এখন শেষ পর্নলসহ বাকি রয়েছে মাত্র চারটি ম্যাচ। শিরোপার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। এরই মধ্যে এই হাইভোল্টেজ ম্যাচের জন্য রেফারিদের নাম ঘোষণা করেছে ফিফা।
ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন এল সালভাদরের অভিজ্ঞ রেফারি ইভান বারটন। চলতি বিশ্বকাপে এটি হবে তার চতুর্থ ম্যাচ। এর আগে তিনি গ্রুপ পর্বে তুরস্ক-প্যারাগুয়ে ও জাপান-সুইডেনের ম্যাচ এবং শেষ ষোলোতে কলম্বিয়া-সুইজারল্যান্ডের লড়াইয়ে দায়িত্ব পালন করেছেন।
কনকাকাফ অঞ্চলের পরিচিত মুখ বারটন আন্তর্জাতিক অঙ্গনে নেশনস লিগ ও গোল্ড কাপের মতো বড় প্রতিযোগিতায় নিয়মিত ম্যাচ পরিচালনা করেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপের মাধ্যমে বিশ্বকাপে তার অভিষেক হয়।
চলতি আসরে তুরস্ক ও প্যারাগুয়ের ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচনায় আসেন তিনি। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন মুখ ঢেকে প্রতিপক্ষের খেলোয়াড় মের্ত মুলদুরকে কিছু বলার পর ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করে তাকে সরাসরি লাল কার্ড দেখান বারটন। বিশ্বকাপে মুখ ঢেকে কথা বলার অভিযোগে এটিই ছিল প্রথম লাল কার্ডের ঘটনা।
